Saturday, December 7, 2019

উম্মুল মুমিনীন


মুহাদ্দিসিন ও ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে, উম্মাহাতুল মুমিনিনের সংখ্যা ছিল ১১ জন। এর অধিক সংখ্যার ব্যাপারে মতভেদ রয়েছে। কারও মতে রাসুল (সা.) এর সর্বমোট স্ত্রী ছিলেন ১৩ জন। তবে একই সময়ে তাঁর পতœীরূপে যারা ছিলেন, তাদের সর্বোচ্চ সংখ্যা হলো ৯ জন। নিম্নে উম্মত-জননীদের সংক্ষিপ্ত পরিচিত উল্লেখ করা হলো
খাদিজা বিনতে খুওয়ায়লিদ (রা.) 
প্রাক-ইসলামি যুগে  খাদিজা (রা.) ‘তাহিরা’ নামে খ্যাত ছিলেন। তার প্রথম বিয়ে হয় তামিম গোত্রের আবু হালা হিন্দ ইবনে জুরারাহর সঙ্গে। এই ঘরে খাদিজা (রা.) এর তিনটি সন্তান জন্মগ্রহণ করে। হিন্দ, হারিস এবং জায়নাব নামক এক কন্যা। এ স্বামীর মৃত্যুর পর তার দ্বিতীয় বিয়ে হয় মাখজুম গোত্রের আতিক ইবনে আইজের সঙ্গে। তার ঔরসে খাদিজা (রা.) এর গর্ভে এক কন্যা জন্ম লাভ করে। কিছুকাল অতিবাহিত হওয়ার পর আতিক ইবনে আইজও মৃত্যুবরণ করেন। বিধবা ধনবতী খাদিজা (রা.) মক্কার ‘আল-আমিন’ নামে খ্যাত মুহাম্মদ (সা.) এর কর্তব্যনিষ্ঠা, সততা, বিশ্বস্ততা ইত্যাদি সদ্গুণের কথা শুনে তার সঙ্গে অংশীদারিত্বে ব্যবসা করার আহ্বান জানান। মায়সারা নামক খাদিজা (রা.) এর ভৃত্য সিরিয়ায় দুবার বাণিজ্য যাত্রায় মুহাম্মদ (সা.) এর অনুগামী হয়। ভৃত্য মায়সারার মুখে প্রতিনিধি মুহাম্মদ (সা.) এর গুণপনার বিবরণ শুনে, তার বাণিজ্য কুশলতা ও সততার কথা জেনে, তদুপরি তার বিনয়, ভদ্রতা, শিষ্টাচারিতা এবং উত্তম চরিত্রের বিশেষ গুণ দেখে  খাদিজা (রা.) রাসুল (সা.) এর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আগ্রহান্বিত হন। মুহাম্মদ (সা.) এর অভিভাবক চাচা আবু তালিবের সম্মতিক্রমে তারা উভয়ে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হন। আল-আমিনের সঙ্গে তাহিরার শুভ মিলন যেন মণিকাঞ্চনযোগ। রাসুল (সা.) খাদিজা (রা.) কে নিয়ে ২৫ বছর দাম্পত্য জীবন অতিবাহিত করেন। খাদিজা (রা.) এর ৬৫ বছর বয়সে মৃত্যু পর্যন্ত তিনি দ্বিতীয় বিয়ে করেনিনি। একমাত্র ইবরাহিম (রা.) ছাড়া রাসুল (সা.) এর সব সন্তানই  খাদিজা (রা.) এর গর্ভজাত। হিজরতের তিন বছর আগে নবুয়তের দশম বছরে ১১ রমজান উম্মত জননী  খাদিজা (রা.) ইন্তেকাল করেন।
সাওদা বিনতে জামআ (রা.) 
খাদিজা (রা.) এর ইন্তেকালের পর সাওদা (রা.) রাসুল (সা.) এর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। এর আগে সুকরান ইবনে আমরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। সুকরান (রা.) মৃত্যুবরণ করলে প্রিয়নবী (সা.) তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তখন তাদের উভয়ের বয়স ছিল পঞ্চাশ বছর। উম্মুল মুমিনিন  সাওদা বিনতে জামআ (রা.) ২২ হিজরি সনে ওমর (রা.) এর খেলাফতের শেষের দিকে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক (রা.) 
নবুয়তের দশম বর্ষে রাসুল (সা.) এর সঙ্গে ইসলামের প্রথম খলিফা  আবু বকর (রা.) এর কন্যা আয়েশা (রা.) বিয়ে হয়। তখন তার বয়স ছিল ছয় বছর। ইবনে হিশামের মতে, আয়েশার বয়স ছিল সাত বছর। হিজরি দ্বিতীয় সনের শাওয়াল মাসে তাকে নবীগৃহে আনা হয়। তখন তার বয়স হয়েছিল ৯ বছর। আয়েশা (রা.) ৫৭ হিজরির ১৭ রমজান রোজ মঙ্গলবার ৬৬ বছর বয়সে  মদিনায় ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
হাফসা বিনতে উমর (রা.) 
ইসলামের দ্বিতীয় খলিফা  উমর (রা.) এর কন্যা  হাফসা (রা.)। এর আগে খুনায়স ইবনে হুজাফা (রা.) এর সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামী বদরযুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হলে রাসুল (সা.) তাকে বিয়ে করেন। তিনি অতিমাত্রায় সিয়াম পালনকারিণী এবং রাতের বেলায় খুব বেশি ইবাদাত করতেন। তার সম্পর্কে বর্ণিত হয়েছে যে, রোজা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
জয়নব বিনতে জাহশ (রা.)
জয়নব (রা.) ছিলেন কোরায়েশ গোত্রের শাখাগোত্র আসাদ ইবনে খুজায়মা গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা। জায়দ তাকে তালাক দিলে রাসুল (সা.) তাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করে নেন। তিনি ৬৪১ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।
জয়নব বিনতে খুজায়মা (রা.)
তার উপনাম ছিল ‘উম্মুল মাসাকিন’ তথা গরিবের মাতা। দরিদ্রদের প্রতি অত্যধিক সহানুভূতিশীল ও অতিশয় সদয় ছিলেন বলে তিনি এ নামে খ্যাত। তার প্রথম বিয়ে হয় তুফায়ল ইবনে হারিসের সঙ্গে। তুফায়লের সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটলে আবদুল্লাহ ইবনে জাহশ (রা.) এর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। আবদুল্লাহ ইবনে জাহশ (রা.) জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে বৈধব্য দশায়  জয়নব (রা.) কে নবী করিম (সা.) পতœীরূপে বরণ করে নেন। তার মৃত্যু হয় রাসুল (সা.) এর ওফাতের পরে অন্যান্য উম্মাহাতুল মুমিনিনের  ইন্তেকালের  আগে। মতান্তরে  জয়নব বিনত খুজায়মা (রা) রাসুল (সা.) জীবদ্দশায় ইন্তেকাল করেন।
উম্মে সালমা বিনতে আবি উমাইয়্যা (রা.)
তার প্রথম বিয়ে হয় আবদুল্লাহ ইবনে আবদুল আসাদ (রা.) এর সঙ্গে। কিন্তু  আবদুল্লাহ (রা.) ওহুদযুদ্ধে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুদিন পর ইন্তেকাল করেন। তার ইন্তেকালের সময় উম্মে সালমা (রা.) গর্ভবতী ছিলেন। সন্তান প্রসবের পর ইদ্দত শেষ হলে রাসুল (সা.) তাকে স্ত্রী হিসেবে বরণ করে নেন। তার মৃত্যু সন নিয়ে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মত হলো, ৬৩ হিজরির শেষের দিকে তার মৃত্যু হয়।
উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান (রা.)
উম্মে হাবিবা (রা.) এর প্রথম বিয়ে হয় উবায়দুল্লাহ ইবনে জাহশ আল-আসাদির সঙ্গে। উবায়দুল্লাহ খ্রিষ্টধর্ম গ্রহণ করায় উভয়ের মাঝে সম্পর্কচ্ছেদ হলে রাসুল (সা.) তাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করেন। উম্মে হাবিবা (রা.) ৪৪ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন।
মায়মুনা বিনতে আল-হারিস (রা.)
তার প্রকৃত নাম ছিল ‘বাররা’। রাসুল (সা.) তার ইসলামি নাম রাখেন মায়মুনা।  মায়মুনা (রা.) এর পূর্ববর্তী স্বামী আবু রুহুম ইবনে আবদুল উজ্জার মৃত্যুর পর  আব্বাস (রা.) এর প্রচেষ্টায় প্রিয়নবী (সা.) তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তিনি হজ আদায়ের জন্য মক্কায় যান। হজ শেষে সেখানেই ইন্তেকাল করেন।
জুওয়ায়রিয়া বিনতে আল-হারিস (রা.)
তিনি ছিলেন বানু মুসতালিক গোত্রপতি আল হারিসের কন্যা। তার প্রথম স্বামী মুসাফি ইবনে মাফওয়ান আল-মুরায়সি যুদ্ধে নিহত হলে তিনি যুদ্ধবন্দি হয়ে মদিনায় আনীত হন। রাসুল (সা.)  জুওয়ায়রিয়া (রা.) কে বন্দিশালা থেকে মুক্ত করে স্বীয় পতœীরূপে বরণ করে নেন। ৬৭০ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।
সাফিয়্যা বিনতে হুয়াই (রা.)
তার প্রথম বিয়ে হয় ইহুদি গোত্র বানু কুরায়জার নেতৃস্থানীয় ব্যক্তি সাল্লাম ইবনে মাশকামের সঙ্গে। তাদের বিয়ে বিচ্ছেদ হওয়ার পর বানু নাদিরের নেতৃস্থানীয় ব্যক্তি কিনানা ইবনুর রাবীর সঙ্গে তার পুনর্বিয়ে হয়। কিনানা খায়বার যুদ্ধে নিহত হলে  সাফিয়্যা (রা.) বিধবা অবস্থায় বন্দিনি হয়ে রাসুল (সা.) এর সম্মুখে আনীত হলে তিনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন। হিজরির ৫০ সনে তিনি ইন্তেকাল করেন।
লক্ষণীয় বিষয় হচ্ছে, শুধু আয়েশা (রা.) ছাড়া প্রিয়নবী (সা.) আর কোনো কুমারী নারী বিয়ে করেননি। ২৫ বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন অবিবাহিত। তার যৌবনে তিনি বিয়ে করলেন ৪০ বছরের বয়স্কা এক বিধবাকে। নিজ জীবনের আরও ২৫ বছরকাল অর্থাৎ প্রিয়নবী (সা.) তার ৫০ বছর বয়স পর্যন্ত এই বৃদ্ধাকেই স্ত্রীরূপে গ্রহণ করে পরিতুষ্ট ছিলেন। এর মধ্যে তিনি দ্বিতীয় বিয়ে করেননি। বরং অবশিষ্ট সব স্ত্রীকে তিনি গ্রহণ করেন পঞ্চাশোর্ধ্ব। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও মানবিক বিভিন্ন উদ্দেশ্যে রাসুল (সা.) জীবনের শেষ বয়সে এতগুলো বিয়ে করেন।

No comments:

Post a Comment

উম্মুল মুমিনিন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা

উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুন নিছায়িল আলামীন সাইয়্যিদাতুনা হযরত জয়নব বিনতে জাহাশ আলাইহাস সালাম উনার পবিত্র শানে  উম্মুল মুমিনীন ...

উম্মুল মুমিনীন ছিদ্দিকা আলাইহাস সালাম